নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছোট ভাই পলাতক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম আবু বক্কর ছিদ্দিক (৬৪)। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবু বক্কর ছিদ্দিককে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে আবদুল্লাহ আল ফয়সাল অভিযোগ করে বলেন, তাঁর বাবা ও চাচার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি চাচা হারুনুর রশীদ বাবার দখলে থাকা ধানখেত নিজের দখলে নেওয়ার হুমকি দিচ্ছিলেন। এ নিয়ে ঘটনার দিন সকালে বাড়ির সামনে কথাকাটাকাটির একপর্যায়ে হারুনুর রশীদ দা দিয়ে তাঁর বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।