নোয়াখালীতে অবৈধ দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামের মালেক ব্রিকস নামের দুটি ইটভাটা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে।

ইউএনও হোমায়রা ইসলাম বলেন, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, “অনুমোদনহীনভাবে পরিচালিত কোনো ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।”