
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে দলীয় নেতা-কর্মীদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা প্রয়াত শফিউল বারী-এর সহধর্মিণী ও নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হুসাইন।
এ সময় তিনি বলেন, লক্ষ্মীপুরের উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
রোববার (৩১ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিথীকা বিনতে হুসাইনের আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বোয়াডার বাজার এলাকায় জড়ো হন। পরে তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে বরণ করে নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বিথীকা বলেন, “দলীয় নেতা-কর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। লক্ষ্মীপুরের জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ করে যাব।”
তিনি বলেন, দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের কাছে দলের উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেড এম নাজমুল ইসলাম মিঠু, এবিএম জিলানী, নজরুল ইসলাম লিটন, কামরুজ্জামান সোহেল, হাসান আলী মিলন, নিজাম উদ্দিন চৌধুরী, রানা চৌধুরী, দেলোয়ার হোসেন এবং মোসাদ্দেক জিকুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন বিথীকা বিনতে হুসাইন। তবে দলীয় সিদ্ধান্তে ওই আসনে মনোনয়ন পান আশরাফ উদ্দিন নিজান। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে গত ৩ মে রাতে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে বিথীকা বিনতে হুসাইনের প্রতি নেতা-কর্মীদের এই উচ্ছ্বাস ও সমর্থন ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
