রংপুরে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী ফুলেল সংবর্ধনায় নেতাকর্মীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, রংপুর : সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রংপুরের অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী। মনোনয়ন পাওয়ার পর রংপুরে ফিরে আসলে তাঁকে ফুলেল সংবর্ধনা দেন দলের নেতাকর্মীরা। এ সময় রংপুর–ঢাকা মহাসড়কের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সীকে মনোনয়ন দেয়। নির্বাচন কমিশনের যাচাই–বাছাই শেষে বিএনপি জোটের প্রার্থীদের তালিকায় তাঁর মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়।

দলটির ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।

অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী রংপুরের আইনজীবী মহলে পরিচিত মুখ। তিনি রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন। তিনি রংপুর আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নকে কেন্দ্র করে রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস (অশ্রু) বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক ত্যাগ ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রেজেকা সুলতানা ফেন্সীর প্রতি পূর্ণ সমর্থন জানান।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক অভিজ্ঞতা, আইন পেশায় দক্ষতা এবং মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবর্ধনা উপলক্ষে রংপুর–ঢাকা মহাসড়কের কামারপাড়া এলাকায় জাসাস, মহিলা দল, থানা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।