
নাজমুল হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। অপর আসন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন এম এ হান্নান।
বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। জেলার ৭০৬টি ভোটকেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে এই ঘোষণা দেওয়া হয়।
চাঁদপুর-১ (কচুয়া): মিলনের বড় জয়
চাঁদপুর-১ (কচুয়া) আসনের ১১০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে মিলনের এই জয় স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ): জালাল উদ্দিনের স্পষ্ট ব্যবধান
চাঁদপুর-২ আসনের ১৫৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট। শুরু থেকেই এগিয়ে থাকা জালাল উদ্দিন শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জয় নিশ্চিত করেন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর): ফরিদ আহমেদের জয়
চাঁদপুর-৩ আসনের ১৬৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ৯৬ হাজার ৮১১ ভোট। ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত ফরিদ আহমেদ এগিয়ে ছিলেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে হয়েছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ১১৮টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ প্রতীক) এম এ হান্নান পেয়েছেন ৭৩ হাজার ৫৯৯ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৭ হাজার ৮৩৩ ভোট এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬২ হাজার ২৭৩ ভোট। প্রায় ৫ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয় পান হান্নান।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): সর্বোচ্চ ভোটে মমিনুল
চাঁদপুর-৫ আসনের ১৫৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (এলডিবি) ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট। জেলার পাঁচটি আসনের মধ্যে তিনিই সর্বোচ্চ ভোট পেয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা
বেসরকারি ফলাফলে চারটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয় এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ে জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, দলীয় প্রার্থীদের পাশাপাশি ব্যক্তিগত জনপ্রিয়তাও ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে ফরিদগঞ্জ আসনে।
তবে চূড়ান্ত ফল ঘোষণা ও গেজেট প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে বিজয় নিশ্চিত হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
