নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন এলাকা থেকে নিখোঁজের ১২ ঘণ্টা পর জুনাইদ আহমেদ (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে কমলনগর উপজেলার চরফলকন এলাকার একটি কুয়া থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনাইদ কমলনগর উপজেলার চরফলকন এলাকার হানিফ হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন নোমান হাওলাদার জানান, শনিবার বিকেলে কমলনগর উপজেলার চরফলকন বাজারে গিয়ে নিখোঁজ হয় জুনাইদ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার সকালে স্থানীয়রা চরফলকন এলাকার একটি কুয়ার পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটি পানিতে পড়ে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।”