
রতন আলী, নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে মোবাইল অ্যাপ ‘ইমো’ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে বিলমাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমো অ্যাপ হ্যাক করে দেশি-বিদেশি নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারণা করা একটি সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ইমো হ্যাক করে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিল। প্রথমে ইমোর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত তারা। এছাড়াও এ চক্রের সদস্যরা এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবী হিসেবে চিহ্নিত।
অভিযানে ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২টি বাটন মোবাইল, ৩০টি সিমকার্ড, একটি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ও কিছু গাঁজা জব্দ করা হয়েছে।
পরে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
