
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় মাদকবিরোধী অভিযানে রেজাউল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ।
রেজাউল ইসলাম কালিগঞ্জ উপজেলার সেহারা গ্রামের মৃত সামত আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার (১০ আগস্ট) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ মিয়া ও এসআই সাহিদুর রহমান মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের ঢালাই সড়কের মোড় থেকে ওয়াপদার দিকে যাওয়ার পথে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল মান্নানের বাড়ির সামনে ইটের সলিং করা রাস্তার ওপর থেকে রেজাউল ইসলামকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের সময় তাঁর কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দেবহাটা থানার পুলিশ জানায়, এ ঘটনায় রেজাউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
