
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলাটির বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অলিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক। তারা চলমান প্রকল্পগুলোর নির্মাণকাজের অগ্রগতি এবং নির্মাণশৈলীর মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে জামায়াত নেতারা বলেন, জনকল্যাণে গৃহীত এই উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
নেতারা আরও বলেন, চলমান এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেবহাটা উপজেলার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো এবং সার্বিক জনসেবার মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
