
সোহেল রানা বাবু : বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ।’ তিনি বলেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিকে হত্যা করেছে এবং তাদের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করেন।
শুক্রবার বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘আমরা মনে করি না এখনই তারা (আওয়ামী লীগ) রাজনীতিতে আসুক। কারণ, এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল। গুম হওয়া সবাই এখনো ফিরে আসেনি। এ অবস্থায় আওয়ামী লীগ এখনই রাজনীতিতে চলে আসবে?’
ডা. শফিকুর রহমানের দাবি, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের জন্য এখন পর্যন্ত দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি। তিনি বলেন, ‘যে দল এ দেশের অসংখ্য মানুষকে গুম করল, খুন করল, অসংখ্য মানুষকে পঙ্গু করল, একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তাদের কোনো অনুশোচনা দেখা গেল না। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ।’
সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের আমির বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। সরকার এই দায়িত্ব যত ভালোভাবে পালন করবে, বাংলাদেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সংসদের ভেতরে অবশ্যই সহযোগিতা করছি, যেখানে সহযোগিতা করা দরকার। আর যেখানে বিরোধিতা করা দরকার, সেখানে বিরোধিতা করছি।’
তিনি বলেন, অতীতে সংসদে মারামারি, ফাইল ছোড়াছুড়ি এবং একে অপরের দিকে তেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। অশালীন ও অসম্মানজনক ভাষা ব্যবহারের ঘটনাও ঘটেছে। ‘আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটি সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই,’ বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রথম দিন থেকেই বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক। এটা আমরা অব্যাহত রাখব। কোনো উসকানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসব না।’
জুলাই সনদ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘এখনো আমরা দুই মেরুতে আছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই অপমান করতে দেওয়া হবে না।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে দুপুরে বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত রোকন সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল ডা. শফিকুর রহমানের। পরে তিনি ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল চারটার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে বাগেরহাট ছাড়েন তিনি।
