
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার তিনটি গুরুত্বপূর্ণ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে লড়বেন আনিসুল হক, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর, শান্তিগঞ্জ) আসনে কয়ছর এম আহম্মদ এবং সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে কলিম উদ্দিন আহমেদ মিলনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নামগুলো ঘোষণা করেন। এসময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রাথমিকভাবে সারা দেশের ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
এর আগে ওই দিন দুপুর সাড়ে ১২টা থেকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের প্রথমার্ধে এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
