
নিজস্ব প্রতিবেদক | ২০২৪ সালের জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিঃস্বার্থভাবে রাজপথে নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনের শুরুর দিকে যখন পরিস্থিতি কিছুটা স্তিমিত হয়ে আসছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলনের ‘প্রাণভোমরা’ হিসেবে আবির্ভূত হয়েছিল।
গতকাল শুক্রবার ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার আয়োজনে ‘৩৬শে জুলাই শহীদ স্মৃতি গার্ডেন’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী আসিফ ইকবালের বাবা আবদুর রাজ্জাক স্মৃতি গার্ডেনটির উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে শিক্ষার্থীরা আসিফ ইকবালের মতো সাহসিকতার সাথে আবারও এগিয়ে আসবে।
জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, সরকারি চাকরির মোহ তাদের খুব একটা ছিল না। এরপরও তারা যেভাবে রাজপথে নেমেছিল, তা প্রশংসনীয়। বিশেষ করে উত্তরার বিএনএস সেন্টার, প্রগতি সরণি, রামপুরা ব্রিজ ও মিরপুরে তারা যে দুর্গ গড়ে তুলেছিল, তা জুলাই বিপ্লবকে বেগবান করতে বড় ভূমিকা রেখেছিল।
অনুষ্ঠানে জানানো হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির সারাদেশে নানা কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবেই এই স্মৃতি গার্ডেন তৈরি করা হয়েছে, যেখানে জুলাই বিপ্লবে প্রাণ হারানো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শহীদের স্মরণে ২৬টি বৃক্ষরোপণ করা হয়।
শহীদ আসিফ ইকবালের বাবা এই বিশেষ আয়োজনের জন্য ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার প্রতি কৃতজ্ঞতা জানান।
শাখা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর সাবেক পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। আয়োজকরা জানান, শহীদদের স্মরণে তারা প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।
