
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাতটি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। কর্মসূচিতে স্থানীয় ১৫০ জন শিক্ষার্থীকে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মো: মুসা জঙ্গী। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব স্বপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা ও জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন।
উদ্বোধন করা সাতটি ট্রেডের মধ্যে রয়েছে—কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পোশাক তৈরি এবং গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশনের এই যৌথ উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে নেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, মো: সাদিকুজ্জামান এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: রাকিবুল ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ।
