চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

হুইলচেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। তিনি সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তি ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সমাজকে আরও সমতাভিত্তিক ও কল্যাণমুখী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। আলোচনায় সমাজসেবার গুরুত্ব, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও প্রতিবন্ধী ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে গৃহীত উদ্যোগ তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৬ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।