
আলামীন, রংপুর : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ মানবসম্পদ তৈরি করে কর্মসংস্থান সৃষ্টির এক মহাদিগন্ত উন্মোচন করেছে। এমন মন্তব্য করেছেন বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। তিনি বলেছেন, এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করতে হবে।
সোমবার (৩ নভেম্বর) রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী ১৩৬ জন তরুণ শিক্ষিত উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৪র্থ ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের ভূমিকা
উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে সদস্যদের আত্মকর্মসংস্থান তৈরির পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, আনসার-ভিডিপি সদস্যদের গ্রাম অঞ্চলে অসামাজিক কার্যকলাপ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলো দলগতভাবে প্রতিরোধে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “মেধাশ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আপনারা আনসার-ভিডিপি বাহিনীকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন। সু-শৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাসীন ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করাতে বর্তমান বাহিনীর মহাপরিচালক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
আবদুল আউয়াল এই যুগান্তকারী প্রশিক্ষণ কোর্স চালু করায় বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ১৪ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণটি আনসার সদস্যদের শৃঙ্খলা পরায়ণ, দেশপ্রেমিক এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ চলাকালে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা শর্ট গানের ৬ রাউন্ড করে গুলি ছোঁড়ার অনুশীলন করেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা, কৌশলগত অনুশীলন এবং শৃঙ্খলা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হয়।
অনুষ্ঠানে চারজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট ও সকল প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ তামিম আহমেদ।
রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাইদুল ইসলাম, গংগাচড়া উপজেলা প্রশিক্ষক মোঃ রুহুল আমীন, মনিটরিং, মাঠকর্মী, গণসংযোগ সহকারী, ব্যাটালিয়ান আনসার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।
