
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়াতে দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে জেলার ৬১ জন পেশাজীবী গাড়ি চালক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই-আশিক। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো: মুসা জঙ্গী।
কর্মশালায় বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন ও সংকেত যথাযথভাবে অনুসরণ করা এবং পেশাগত দায়িত্ব পালনে চালকদের আরও বেশি যত্নবান হতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম, টিআই-২ আজিজ ফেরদৌসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া চালকদের সড়ক নিরাপত্তা আইন ও নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃপক্ষের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সচেতন চালক গড়ে তোলার পাশাপাশি সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।
