চাঁদপুরে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান: ৩৩ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের জন্য নৌ পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনায় ৩৩ লাখ মিটার নিষিদ্ধ জাল, ২৫৭ কেজি ইলিশ মাছ এবং ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এ অভিযানে ছয় জেলেকে আটক করা হয়েছে।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, “আমরা নদীতে সার্বক্ষণিক টহল জোরদার করেছি এবং অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। ২২ দিনের এই বিশেষ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, “নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ একযোগে কাজ করছে। এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুরের মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের সুযোগ বৃদ্ধি পাবে।”

মা ইলিশ রক্ষায় চলমান এই অভিযান চাঁদপুরের নদীতে ইলিশের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি এলাকার জেলেদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।