
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার বাকিলা বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, নষ্ট ও পচা আলু-সবজি ব্যবহার এবং খাবারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে বাকিলা বাজারের তাজ হোটেল অ্যান্ড সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে।
এ ছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা করে।
