
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার সংলগ্ন ‘নিউ রুপসী চাঁদপুর’ আবাসিক হোটেল থেকে মো. রুবেল হাসান রাফি (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা-পুলিশ। রবিবার ২ ফেব্রুয়ারী বিকেলে হোটেলটির ৯ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রুবেল গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি নাম-পরিচয় গোপন করে ওই আবাসিক হোটেলে উঠেছিল।
হোটেল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক পরিচয়ে রবিউল ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেলের ৯ নম্বর কক্ষ ভাড়া নেয়। তবে সেখানে তার আসল পরিচয় গোপন রাখেন। হোটেলে তার নাম-পরিচয় দেন মোহাম্মদ আরিফুল হক (২৭)। পিতা শাহজালাল। ঠিকানা নোয়াখালী জেলার চাটখিল থানার কাচারী বাজার। মূলত তার নাম মো. রুবেল হাসান রাফি (২৮)। পিতা আবু বক্কর। ঠিকানা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রাম।
পুলিশ জানায়, ওই হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে থানায় সংবাদ দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ওই ব্যক্তির স্বজনরা আসার পর ময়নাতদন্ত শেষে মরদেহ হন্তান্তর এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
