
নাজমুল হোসেন : ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন।
আজ বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির অবস্থা ঘুরে দেখেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
পরে আতাউর রহমান সরকার কায়েমপুর ইউনিয়নের মইনপুর মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। এরপর তিনি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটি মসজিদ পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন।
একই দিন তিনি চাপিয়া গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে আতাউর রহমান সরকার বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বসতঘর পুনর্নির্মাণ এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানি, সেক্রেটারি নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
