
নিজস্ব প্রতিবেদক, রংপুর | ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রোগীদের হাতে এই সহায়তার চেক তুলে দেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, গুরুতর রোগে আক্রান্ত অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। চিকিৎসার ব্যয় মেটাতে অনেক পরিবার দিশেহারা হয়ে পড়ে। সরকারের এই মানবিক সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে নিতে বড় ধরনের ভূমিকা রাখবে।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, রংপুরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত পরিচালক মো. মেরাজুল মহসিনসহ সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের একটি মানবিক উদ্যোগ। ব্যয়বহুল চিকিৎসার বোঝা লাঘবে অসচ্ছল রোগীদের নিয়মিত এই অনুদান দেওয়া হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া এবং স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আবেদন যাচাই-বাছাইয়ের পর এককালীন এই অনুদান প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই কর্মসূচির মাধ্যমে হাজার হাজার রোগী উপকৃত হচ্ছেন। চেক পাওয়ার পর অনেক রোগী ও তাদের স্বজনরা এই উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
