
নাজমুল হোসেন : গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক ইউনিয়ন সভাপতিকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির জেলা শাখা।
শনিবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।
শনিবার বিকেলে পৌর শহরে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধায় পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। দ্রুত বিচার নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।
মিছিল ও সমাবেশকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন ছিল। তবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে বলে জানা গেছে।
