
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা, ২২ এপ্রিল ২০২৬: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিনদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার শাহিন চৌধুরী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে একটি উন্নত ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠন সম্ভব। তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনদিনব্যাপী এই বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেল প্রদর্শন করবেন। সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত রাখা হয়েছে।
