
নাজমুল হোসেন : পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “আমরা নির্বাচিত হয়েছি, ক্ষমতা গ্রহণ করিনি; রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। এটা আমাদের কাছে পাওয়ার বা ক্ষমতার বিষয় নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব।”
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নৈতিক অবস্থান থেকে সরকার এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমরা শপথ নিয়েছি এবং দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ যে, দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করব।”
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, আগের প্রধানমন্ত্রীদের তুলনায় তিনি ভিন্নধর্মী নেতৃত্ব দিচ্ছেন। তাঁর বক্তব্য ও কাজের মাধ্যমে ইতোমধ্যে তা প্রমাণ হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত সকাল ৯টায় অফিসে যাচ্ছেন, যা আগে খুব একটা দেখা যায়নি। এতে সরকারি কর্মকর্তারাও দায়িত্ব পালনে আরও সতর্ক হয়েছেন এবং দেশের মানুষ এর সুফল পাচ্ছেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার শপথ নেওয়ার এক মাসও হয়নি, কিন্তু এর মধ্যেই মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে তারেক রহমানের পক্ষেই দেশ পরিচালনা করা সম্ভব।
তিনি আরও বলেন, সরকারের চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের সব মানুষের জন্য। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ড দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শৈবাল সাহা, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শংকর কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল এবং জেলা পূজা উদযাপন পরিষদ–এর সভাপতি **স্বপন নাথ**সহ স্থানীয় নেতৃবৃন্দ।
