
শারীরিক সমস্যা, জীববৈচিত্র্য ও কৃষি ক্ষতির প্রতিবাদে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
শ্যামনগর সংবাদ: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কাঠামারী-পরানপুর এলাকায় স্থানীয় মানুষদের উদ্যোগে গতকাল বিকেল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ নং কৈখালী ইউনিয়নবাসীর আয়োজনের এই কর্মসূচিতে শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, সমাজসেবক এম এম শহিদুল ইসলাম মল্লিক, পরানপুর এ রউফ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম গণি, বিএনপি নেতা মোঃ মাহমুদ হোসেন বাবু মল্লিক, মোঃ হবিবার রহমান হবি এবং কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী সংস্থার সভাপতি এস এম আক্তার হোসেন।
বক্তারা বলেন, লবন পানি উত্তোলনের কারণে স্থানীয়রা শারীরিক সমস্যায় ভুগছেন এবং কৃষি জমি, জীববৈচিত্র্য ও বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। প্রভাবশালী কিছু ব্যক্তি অবৈধভাবে ওয়াফদা ছিদ্র করে লবন পানি প্রবেশ করাচ্ছেন, যা বাঁধ ভেঙে এলাকার প্লাবন সৃষ্টি করছে। এতে স্থানীয়রা বেকার হয়ে যাচ্ছেন এবং জীবিকা নির্বাহে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।
মানববন্ধনে উপস্থিতরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কৈখালী ৪, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষকে লবন পানির জর্জরিত দুর্ভোগ থেকে মুক্ত করার দাবি জানান। তারা একত্রিত হয়ে ঘোষণা করেন, কীভাবে দীর্ঘদিন ধরে এলাকায় চলমান লবন পানি উত্তোলনের প্রভাব মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর, এবং তা চিরতরে বন্ধ হওয়া উচিত।
