কেশবপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি : যশোরের কেশবপুরে র‍্যাব-৬ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ আবু হানিফ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। অভিযানটি গত ২২ ডিসেম্বর বিকেলে কেশবপুর উপজেলার মাগুরখালী বাজার এলাকায় পরিচালিত হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু হানিফকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৮১ হাজার ৮০০ টাকা মূল্যের জাল নোট, প্রিন্টার, কাগজ, কালি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবু হানিফ কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের বাসিন্দা এবং সুরত আলী মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব জানায়, এই যুবক জাল টাকা স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুক জানান, পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।