কমলনগরে এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক প্রকৌশলীর বিরুদ্ধে দরপত্র আহ্বান প্রক্রিয়ায় অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

অভিযুক্ত প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদের বিরুদ্ধে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও উপজেলা রাজস্ব খাতের প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনেছেন স্থানীয় ঠিকাদার ও সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মার্চসহ বিভিন্ন সময়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে তিনটি পৃথক ই-টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে এলটিএম পদ্ধতিতে ৯টি ও ১০টি করে প্যাকেজ এবং ওটিএম পদ্ধতিতে ৭টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়।

অভিযোগে বলা হয়, সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) অনুযায়ী একই অর্থবছরের বরাদ্দকৃত কাজ সাধারণত নির্দিষ্ট পদ্ধতিতে (এলটিএম বা ওটিএম) পরিচালনার কথা থাকলেও এখানে একাধিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন স্থানীয় ঠিকাদাররা।

তাদের অভিযোগ, প্রযুক্তিগত কারসাজির মাধ্যমে উপজেলা প্রকৌশলী নিজে নামে-বেনামে কাজ নেওয়া এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, যা পিপিআর পরিপন্থি।

এ বিষয়ে স্থানীয় ঠিকাদারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ বলেন, “এলটিএমের পাশাপাশি ওটিএম পদ্ধতিতেও টেন্ডার আহ্বান করা যেতে পারে। তবে টেন্ডার আহ্বানের আগে কোনো ধরনের ইস্টিমেট প্রদান করা হয় না।”

তবে স্থানীয়দের অভিযোগ, পুরো টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে এবং বিষয়টি উচ্চপর্যায়ের তদন্তের দাবি রাখে।