
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের হাজী শাহে আলম পাটারী বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা একটি নির্দিষ্ট কক্ষ থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা মোছলেহ উদ্দিন জানান, যে কক্ষ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে, সেই কক্ষেই তিনি ও তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। চোরেরা কক্ষের একটি স্টিলের আলমারি ভেঙে মালামাল নিয়ে গেলেও তারা কিছুই টের পাননি।
তিনি বলেন, “আমাদের ধারণা, গভীর ঘুমে রাখার জন্য চোরেরা কোনো ধরনের ঘুমের ওষুধ বা চেতনানাশক ব্যবহার করে থাকতে পারে।” তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশও বিষয়টি নিশ্চিত করেনি।
বাড়ির বাসিন্দা এমএস বাবু পাটোয়ারী বলেন, “ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। আগে থেকে তথ্য না থাকলে চোরেরা সরাসরি ওই কক্ষেই প্রবেশ করত না। তারা অন্য কোনো কক্ষে ঢোকেনি।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে কমলনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, গৃহকর্তার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
