
সিরাজুল ইসলাম : সাতক্ষীরার শ্যামনগরে ইঁদুর তাড়াতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘেরমালিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রথীন্দ্রনাথ রপ্তান (৫২)। তিনি ওই গ্রামের মৃত শচীন্দ্রনাথ রপ্তানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যের জমি বর্গা নিয়ে বাড়ির সামনের মাছের ঘেরে সবজি চাষ করতেন রথীন্দ্রনাথ। সম্প্রতি সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দিলে তিনি ঘেরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি।
সন্ধ্যা হয়ে গেলেও রথীন্দ্রনাথ বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ঘেরের পানিতে পড়ে থাকা অবস্থায় তিনি স্বামীর মৃতদেহ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দেবাশীষ গায়েন বলেন, “রথীন্দ্রনাথ নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”
শ্যামনগর থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
