
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া এলাকায় খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পাউবো কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল সকালে কাকবসিয়া খেয়াঘাটের উত্তর পাশে পাউবো বিভাগের ৭/২ পোল্ডারের একটি অংশে হঠাৎ ধস নামে। প্রথমে প্রায় ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হলেও পরে ভাঙন বেড়ে প্রায় ৬২ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে করে আশপাশের বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়ে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আনুলিয়া নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু দাউদ মোড়ল বলেন, রোববার সকালে হঠাৎ করে বাঁধের গোড়ায় ধস শুরু হয়। অল্প সময়ের মধ্যেই বড় একটি অংশ নদীতে তলিয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে পাউবো বিভাগ-২ এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ব্যবস্থা নেন। ভাঙনরোধে একটি প্যাকেজের আওতায় ঠিকাদার নিয়োগ দিয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়। গত কয়েক দিন ধরে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকিতে কাজ চলছে।
পাউবো বিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, ভাঙনের খবর পেয়ে দ্রুত কাজ শুরু করা হয়েছে। বর্তমানে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান তাযকিয়া বলেন, ভাঙন পয়েন্টে ইতোমধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ এগিয়ে চলছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। পরবর্তীতে বাঁধের স্থায়ী মেরামতের জন্য মাটি ভরাটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট বেড়িবাঁধটি এখন শঙ্কামুক্ত।
