অস্ত্র ও নগদ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গতকাল রোববার রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অন্য দিকে একই রাতে দক্ষিণ হামছাদী গ্রামের পালেরহাট সংলগ্ন একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে ইয়াবা, তিন বোতল বিদেশি মদ, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। খামারটি মালয়েশিয়া প্রবাসী নাঈম নামে এক যুবকের বলে জানা গেছে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার সহযোগীরা পালিয়ে যায়।

সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।