অগ্নিকাণ্ডে পুড়ে গেল কয়েক হাজার দলিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দলিল লেখকদের ১০টি অফিস ৪টি ব্যবসা প্রতিষ্ঠান।

গত শনিবার (২২মার্চ) রাত ২টার দিকে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট সংলগ্ন পৌরসভা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম ও মাসুদ আলম দাবি করছেন, হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব রয়েছে। 

জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

তারা আরও জানান, এখানে কয়েকজন দলিল লেখকের অফিস। উপজেলার কয়েক হাজার দলিল ছিল। তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মোতালেব মিয়া বলছেন, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।