
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৬টা ১০ মিনিট থেকে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। কুক্ষাত সন্ত্রাসী হিসেবে পরিচিত উজ্জ্বল মিয়া (৩৫)-এর বাড়িকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়। উজ্জ্বল মিয়া ছমেদ মিয়ার ছেলে এবং তাঁর বাড়ি ওই গ্রামেই।
মধ্যনগর আর্মি ক্যাম্প থেকে বিএ–১০৭০১ ক্যাপ্টেন শাকিল মাহমুদ (১২ ইঞ্জিনিয়ার)–এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—একটি তলোয়ার, চারটি রামদা, তিনটি কুড়াল, চারটি দা, চারটি বটি, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, ১৭টি টেডা, পাঁচটি ফলা, ১১টি ঢাল, ৩৫টি বর্ষা, একটি চায়না চাকু ও একটি বল্লম।
সেনাবাহিনী জানায়, অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
