সাতক্ষীরায় পান চাষে লাভবান কৃষকরা, বাড়ছে আবাদ ও চাহিদা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় পান চাষে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা। এ কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পান চাষ করেছেন স্থানীয় চাষিরা।

এক সময় শুধু বারুই সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সাধারণ কৃষকরাও পান চাষে ঝুঁকছেন। পাটকেলঘাটার পারকুমিরা, শাকদাহ, বড়বিলা ও কুমিরা এলাকার কৃষকরা নতুন বরজ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ পুরনো বরজ সংস্কার করছেন, কেউ আবার নতুন করে মাচা নির্মাণ করছেন।

পানচাষি তোহিদুর রহমান জানান, পান বরজ তৈরি ও পরিচর্যা অত্যন্ত শ্রমসাধ্য। বাঁশ, শলা ও জিআই তার দিয়ে মাচা তৈরি করে খড়-কুটা ও নারিকেল পাতার ছাউনি দেওয়া হয়, যাতে অতিরিক্ত রোদ, বৃষ্টি ও শীতে গাছ ক্ষতিগ্রস্ত না হয়। নিয়মিত পরিচর্যা ও পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখতে হয়।

স্থানীয় পান ব্যবসায়ী আবুল হাসান বলেন, বর্তমানে খিলি পানের ৮০টি বিক্রি হচ্ছে প্রায় ১৮০ টাকায়, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। গত বছর পানচাষিরা ভালো লাভ পেয়েছেন।

কৃষকদের মতে, প্রতি বিঘা পান বরজে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হলেও মৌসুম শেষে দ্বিগুণ বা তার বেশি লাভ পাওয়া যাচ্ছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় এবার প্রায় ৫৫০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। গত বছরের তুলনায় উৎপাদন ও চাহিদা উভয়ই বৃদ্ধি পেয়েছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, পরিকল্পিতভাবে পান চাষ করলে এটি অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। স্থানীয় বাজারের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সাতক্ষীরার পান সরবরাহ হচ্ছে।

এদিকে পান চাষে নারী শ্রমিকদের অংশগ্রহণও বাড়ছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে অনেক নারী পরিবার চালাচ্ছেন বলে জানান শ্রমিকরা।