
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তাঁকে ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, “লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে শাহাদাত হোসেন সেলিমকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তাঁকে ধানের শীষ প্রতীকেই নির্বাচনে অংশ নিতে বলা হয়েছে।”
বিএলডিপি’র নিবন্ধন না থাকায় বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ নির্বাচন করবেন সেলিম।
গত ৩ নভেম্বর বিএনপি যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল, সেখানে লক্ষ্মীপুর-১ আসনটি ফাঁকা রাখা হয়েছিল। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন বিএনপি সেলিমের জন্য ছেড়ে দিয়েছিল। সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামগঞ্জ আসনে বিএনপির পক্ষ থেকে পুনরায় তাঁকে একক প্রার্থী হিসেবে সামনে আনা হলে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
