লক্ষ্মীপুর পৌরসভায় নবাগত প্রশাসককে বিদায়ী প্রশাসকের ফুলেল শুভেচ্ছায় বরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌরসভার নবাগত প্রশাসক সম্রাট খ্রিসাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদায়ী প্রশাসক মো. জসীম উদ্দিন (উপসচিব)। বুধবার সকালে পৌরসভা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদায়ী প্রশাসক জসীম উদ্দিন নবাগত প্রশাসকের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি পৌরসভার চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে নবাগত প্রশাসককে অবহিত করেন।

নবাগত প্রশাসক সম্রাট খ্রিসা দায়িত্ব গ্রহণের পর পৌরসভার সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। বিদায়ী প্রশাসকের দীর্ঘ দেড় বছরের দায়িত্বকালীন কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানান সহকর্মীরা।

পৌর কর্তৃপক্ষ জানায়, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখে নাগরিক সেবা আরও উন্নত করাই নবাগত প্রশাসকের প্রধান অগ্রাধিকার হবে।