ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

সভায় পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নির্বাচনের আগে ও নির্বাচনী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি গুজব, সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন সময়ে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর একযোগে ও সমন্বিতভাবে কাজ করবে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, ভোটাররা যাতে নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নির্বাচনকে ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।