লক্ষ্মীপুরে ভোটের সিলসহ আটক সোহেল জামায়াতের কর্মী নন: জেলা নেতারা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে ছয়টি ভোটের সিলসহ আটক সোহেল রানা জামায়াতে ইসলামীর কর্মী নন বলে দাবি করেছেন দলটির জেলা পর্যায়ের সিনিয়র নেতারা। এ ঘটনায় সোহেলকে জামায়াতের কর্মী আখ্যা দিয়ে বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আটক সোহেল রানার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তাকে জামায়াতের কর্মী বলে প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যাচার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ।

লিখিত বক্তব্যে বলা হয়, ভোটের সিলসহ আটকের ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

একই সঙ্গে অভিযোগ করা হয়, অতীতের মতো আবারও একটি ঘটনার দায় কোনো প্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ড. রেজাউল করিম বলেন, ‘সিলসহ আটকের ঘটনা অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বের করুক। কিন্তু যেকোনো ঘটনার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তোলা একটি দলের পুরোনো অভ্যাসে পরিণত হয়েছে। আটক সোহেল জামায়াতের কেউ নয়। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্তে তা বেরিয়ে আসবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘৃণিত ও ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও ব্যক্তিগত কারণে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি দাবি করে, সিলসহ আটক সোহেল রানা জামায়াতে ইসলামীর কর্মী।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম পিন্টার্স এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি ভোটের সিল, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।