
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে নবাগত প্রশাসনের সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা, দাপ্তরিক সমন্বয় এবং বিভিন্ন দপ্তরের করণীয় বিষয়ে আলোচনা হয়।
সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রস্তুতি নিয়েও মতবিনিময় করা হয়।
কোনো ভোটকেন্দ্রে বিদ্যুৎ–সংক্রান্ত সমস্যা আছে কি না—তা যাচাই করে দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া নির্বাচনকে সামনে রেখে সড়কগুলোতে যান চলাচলে যেন কোনো বাধা না থাকে, সে জন্য লক্ষ্মীপুর সড়ক বিভাগের আঞ্চলিক মহাসড়কগুলো দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় পুলিশের পক্ষ থেকে অংশ নেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। বিভিন্ন দপ্তরের আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন।
