
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেকের সঙ্গে জেলার বাস মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) জেলা পুলিশ, লক্ষ্মীপুরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যাত্রী হয়রানি রোধ, অবৈধ পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর অবস্থানের কথা জানান তিনি।
এ সময় বাস মালিক ও শ্রমিক নেতারা সড়কে চলাচল সংক্রান্ত বিভিন্ন সমস্যা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম (সেবা), ডিআইও-১ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
