লক্ষ্মীপুরে জেলেদের মাঝে মাছ ধরার উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলেদের মাঝে ইলিশ ধরার সুতার জাল ও বিভিন্ন মাছ ধরার উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী।

মৎস্য বিভাগ জানায়, ৫০টি গ্রুপে প্রায় ২০০ জেলে সুতার জালসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। কারেন্ট জাল ব্যবহারে নিরুৎসাহিত করার অংশ হিসেবে এই বিতরণ কার্যক্রম নেওয়া হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বেশ কিছু জেলে বুঝতে পেরেছেন কারেন্ট জাল নিষিদ্ধ এবং এটি মাছের প্রজননের ক্ষতি করে। তাই তারা নিজেরাই কারেন্ট জাল ফেরত দিয়ে সুতার জাল নিয়েছেন।’ তিনি আরও জানান, অভিযানে জব্দ ও নষ্ট করা কারেন্ট জালের পরিবর্তে সংশ্লিষ্ট জেলেদেরও নতুন সুতার জাল ও উপকরণ প্রদান করা হয়েছে।