রায়পুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে


নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রায়পুর পৌর শহরের জামায়াত কার্যালয়ে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, “জামায়াতে ইসলামী অতীতে ক্ষমতার জন্য নয়, জনগণের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য নির্বাচনে অংশ নিয়েছিল। ৫ আগস্টের পরবর্তীতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা আগামী নির্বাচনে অংশ নিতে চাই। মানবতার সেবা ও আদর্শ রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

সভায় সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন রায়পুর পৌর শাখার আমির হাফেজ মাওলানা ফজলুল করিম, উপজেলা সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল, নায়েবে আমির মাওলানা ইউসুফ জামাল, পৌর জামায়াতের নায়েবে আমির এডভোকেট কামাল উদ্দিন ও পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব।

এছাড়া স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।