
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর শহরের ব্যস্ততম বাজার রোডে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুর বাজারের দক্ষিণ মাথা বাসস্ট্যান্ড থেকে উত্তর মাথার ফরিদগঞ্জ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে বসানো বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে দেখা যায়, অবৈধভাবে ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে এবং প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।
এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টির দায়ে কয়েকজন দোকানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সড়কের ওপর স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ–এর সদস্যরা এবং পৌরসভার প্রতিনিধিরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
