
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিকশা উল্টে পারভিন আক্তার (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর দুইটার দিকে রামগতি-বিবিরহাট সড়কের বড়খেরী ইউনিয়নের কোরের বাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পারভিন চররমিজ ইউনিয়নের মৃত হুমায়ুন মিলিটারির কন্যা এবং বিবিরহাট রিশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হেলাল মাস্টারের স্ত্রী।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার দিকে পারভিন রামগতি বাজার থেকে বিবিরহাট যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি উল্টে মেঘনা নদীর তীরে পড়ে যায়। গুরুতর আহত পারভিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান নিশ্চিত করেছেন, অটোরিকশা দুর্ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে এবং চালকও আহত হয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
