
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলা মাদকমুক্ত করার লক্ষ্যে সোমবার (১৭ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর এবং সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযানটি চালানো হয়।
মোবাইল কোর্টটি পরিচালিত হয় লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর, উত্তর মজুপুর, রাজিবপুর, বাঞ্চানগর এলাকা জুড়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অবৈধ মাদক সেবন এবং ব্যবসায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
এ সময় গাঁজা সেবনরত অবস্থায় কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মোবাইল কোর্টে শাস্তি প্রদান করা হয়।
আটকদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন:
মো: জিহাদ (২২), পিতা- মোরশেদ আলম, গ্রাম- আবিরনগর, লক্ষ্মীপুর সদর। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩৪০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মো: শফিক উল্যাহ (৫২), পিতা- মৃত নুরুজ্জামান, গ্রাম- রাজিবপুর, লক্ষ্মীপুর সদর। তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নুর মোহাম্মদ টিপু (৩৫), পিতা- মৃত আবু তাহের, গ্রাম- রাজিবপুর, লক্ষ্মীপুর সদর। তাকে ০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মো: আব্দুর রহিম (৫০), পিতা- মৃত আলী আহম্মদ, গ্রাম- রাজিবপুর, লক্ষ্মীপুর সদর। তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মো: দুলাল হোসেন (৩৬), পিতা- মৃত নুরুল ইসলাম, গ্রাম- রাজিবপুর, লক্ষ্মীপুর সদর। তাকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা জানান, “মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর গড়ার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রতিটি গ্রাম এবং শহরের প্রতিটি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবো। জনসাধারণের সহায়তায় আমরা সফল হবো।”
এ ধরনের মোবাইল কোর্ট এবং আইনগত পদক্ষেপের মাধ্যমে প্রশাসন মাদক নিয়ন্ত্রণে তাদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে।
