
ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত অন্তত চারজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। বিমানটি কোথা থেকে উড্ডয়ন করেছিল, এবং কতদূর পর্যন্ত উড়েছিল, সে বিষয়েও তদন্ত চলছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে পড়ে। এতে কলেজের ভেতরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকট শব্দে বিস্ফোরণের মতো কিছু শুনে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তেই চারদিকে ধোঁয়া আর চিৎকার। কয়েক মিনিটের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। এতে স্কোয়াড্রন লিডার তোকির দায়িত্বে ছিলেন। তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনী আহতদের কাঁধে নিয়ে দ্রুত হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে দৌড়াচ্ছেন।
বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে নাকি অন্য কোনো কারণবশত বিধ্বস্ত হয়েছে, তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
