
রাজনৈতিক দলের ইশতেহারে জনগণ আস্থা পায় না
নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বের মূলে রয়েছে ক্ষমতার লড়াই— এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, “বিএনপি ও জামায়াত ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়েছে, জেল-জুলুম সহ্য করেছে, অনেক নেতা-কর্মী জীবন দিয়েছেন। অথচ আজ তারা বিভক্ত। এর মূল কারণ ক্ষমতা।”
আজ সোমবার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে আইডিইবি। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমরা এক কঠিন রাজনৈতিক সময় পার করছি। বিএনপি–জামায়াতের মধ্যে যে ক্ষমতার লড়াই চলছে, তা বন্ধ করে ঐক্যের পথে আসতে হবে। আগামী পাঁচ বছর তাদের সংসদে ও সরকারে একসঙ্গে থাকার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “হাসিনা যদি পালিয়ে না গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতেন, তাহলে বিএনপি–জামায়াত ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নিত। এখন একে অপরের বিরুদ্ধে দোষারোপ না করে ঐক্যবদ্ধ রাজনীতিতে ফেরার সময় এসেছে।”
রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থাহীনতার প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “জনগণ এখন রাজনৈতিক দলের ইশতেহার বিশ্বাস করে না। কারণ আমরা প্রতিশ্রুতি দিই, কিন্তু তা রাখি না। এজন্য আমাদের নেতাদের মধ্যে সততা, জবাবদিহিতা ও আস্থা ফিরিয়ে আনতে হবে।”ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষ জনশক্তি ছাড়া কোনো দেশ এগোতে পারে না।”
