বাগেরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি :
সারা দেশের মতো বাগেরহাট–এও নানা আয়োজনে পালিত হয়েছে ২৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস–২০২৬।

দিবসটি উপলক্ষে বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মঞ্জুরুল হক রাহাদ, সংসদ সদস্য, বাগেরহাট–২ আসন।

গোলাম মোঃ বাতেন, জেলা প্রশাসক, বাগেরহাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং তাদের প্রতি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই অটিজম শিশুরা মূলধারায় এগিয়ে যেতে পারে।

সভা শেষে ছয়জন শ্রবণপ্রতিবন্ধী অটিজম শিশুর মধ্যে শ্রবণযন্ত্র এবং ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।