
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
: বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা–এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সুজন মোল্লা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর নাম ও রাজনৈতিক পরিচিতি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
তিনি বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও সম্প্রতি তাঁকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ভিত্তিহীন পোস্ট প্রচার করা হচ্ছে।
তিনি আরও বলেন, কিছুদিন আগে একটি চক্র তাঁর পরিবারের সদস্য পরিচয় দিয়ে তাঁর ভাইয়ের ছেলে ও ভাইপো সেজে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করে। পরে বিষয়টির প্রকৃত সত্য উদঘাটিত হলেও আবারও নতুন করে অপপ্রচার শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।
সুজন মোল্লার ভাষ্য, সম্প্রতি ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন–এর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে বিরূপ মন্তব্য ছড়ানো হয়েছে। তিনি দাবি করেন, এসব পোস্ট সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
এ ঘটনায় ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সুজন মোল্লার পরিবারের পক্ষ থেকে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
