বদলিজনিত বিদায় সংবর্ধনা পেলেন ডিবি পরিদর্শক সাহাদাত হোসেন টিটো

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সাহাদাত হোসেন টিটোকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার জেলা পুলিশ কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহাদাত হোসেন টিটো সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। তাঁর অবদান জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছে। নতুন কর্মস্থলেও তিনি একইভাবে সফল হবেন বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো তাঁর বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালনকালে সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাহাদাত হোসেন টিটো দীর্ঘদিন ধরে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বদলির ফলে সহকর্মীদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।